৪০ বছরের উন্নয়ন মাত্র ৪ বছরে করেছি বলেই নেতাকর্মীরা আমার সঙ্গে: নিক্সন চৌধুরী

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৯:৩০
ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ৪০ বছরের অবহেলিত ফরিদপুর-৪ আসনের অবকাঠামোর উন্নয়ন মাত্র ৪ বছরে করতে পেরেছি বলেই আজ সব নেতাকর্মী আমার সঙ্গে। উক্ত আসনের রাস্তা-ঘাট, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, হাসপাতালসহ নদী ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ প্রকল্পর অনুমোদন, নেতাকর্মীদের সত্যিকার  মূল্যায়ন ও অসহায় জনগণের পাশে থেকে আমি দিনরাত কাজ করে যাচ্ছি। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের সকল জনগণসহ দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বাংলাদেশের উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতেই আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।
 
শনিবার বিকালে ভাঙ্গা পৌরসদরের হাজরাহাটি স্কুলমাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী তার সভায় যোগদান করেন।
 
তিনি আরো বলেন, এতদিন কাজী জাফরউল্লাহ্ তার নিজের ভাগ্য ও তার সমমনা গুটি কয়েক দুর্নীতিবাজদের ভাগ্যের উন্নয়ন করেছেন। জনগণ আজ তাকে প্রত্যাখ্যান করে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারার সঙ্গে ফরিদপুর-৪ আসনকেও সত্যিকারের উন্নয়ন দিয়েছি। আগামী নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে ফরিদপুর-৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে এই সিট প্রধানমন্ত্রীকে উপহার দিব। এজন্য এখন হতেই নেতাকর্মীসহ সকলকে একযোগে কাজ করে যেতে হবে। যাতে কোন ষড়যন্ত্রকারী ও অপশক্তি মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।
 
সকাল হতেই হাজারো নারী-পুরুষ বিভিন্ন স্লোগান দিয়ে জনসভা স্থলে উপস্থিত হন। দুপুরে নিক্সন চৌধুরী জনসভা স্থলে পৌঁছালে স্কুলমাঠটি কানায় কানায় ভরে ওঠে।
 
আওয়ামী লীগ নেতা সাহেব আলী খয়রাতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী নিক্সন চৌধুরীর হাতে হাত রেখে যোগদান করছেন। দল যার যার নিক্সন সবার এই স্লোগান নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নিক্সন চৌধুরীকে বিজয়ী করে আমরা দেখিয়ে দিব ফরিদপুর-৪ আসন সত্যিকারের বঙ্গবন্ধুর ঘাঁটি।
 
এখানে সকলেই বঙ্গবন্ধুকে ভালোবাসে তার আদর্শ বুকে নিয়ে দেশ গঠনে সবাই একমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী নির্বাচনে প্রার্থী নির্বাচিত করলে আওয়ামী লীগের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা হুমায়ন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হবি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, নরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান লাবলু ফকির, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, সোলাইমান মুন্সি সোলাই, হায়াত আলী মোল্লা, গোলাম মাওলা, কাবুল, আশিকুজ্জামান আশিক, রাজিবুল হাসান বাবু, শাহাদাৎ খয়রাতি, ইরান, নাসির মুন্সি, নাসিরউদ্দিন লিওন, সালমা সলেমান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি