দেশের স্বার্থেই ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৯:০২
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মাত্র কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে তিনি পুরো বাংলাদেশের চেহারাই বদলে দিয়েছেন। দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বেই বাংলাদেশে এগিয়ে যেতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে সাফল্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ইতিহাসের বিরল ঘটনা। জঙ্গি দমন, মাদক প্রতিরোধ এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আবারো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। 
 
আজ শনিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিকে মহাকাশে বাংলাদেশ স্থান করে নিয়েছে, অপরদিকে দেশের তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারবে না এটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা ভুল ধারণা। 
 
তিনি বলেন, কেউ নির্বাচনে আসুক বা না আসুক আগামী নির্বাচন হবে ফ্রি-ফেয়ার। নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে এবং বরাবরের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। কারণ আওয়ামী লীগের সঙ্গে আছেন জনগণ, আর জনগণ বুঝে গেছে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। দেশের জনগণ এখন আর কোনো হানাহানি কিংবা প্রতিহিসংসার রাজনীতি দেখতে চান না, আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না, কোনো নির্দিষ্ট ভবন কেন্দ্রীক শোষন-শাসন চায় না। 
 
মন্ত্রী বলেন, আমরা দেশের সেবায় কাজ করে যাচ্ছি। আমরা ব্যবসা করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। তাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয় এবং দেশের মানুষ পেট ভরে খেতে পায়। আমরা অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের আয় বৃদ্ধি করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে বসাতে সক্ষম হয়েছি। 
 
তিনি বলেন, এখন দেশের মানুষ কেউ অনাহারে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না। আমরা খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। বেকার যুবক ও মা-বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। নারীরা যেন ঘরে বসে কর্মের সংস্থান পায় সেজন্য একটি ঘর একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালের মধ্যেই এই দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের সব যোগ্যতা অর্জনের স্বীকৃতি পেয়েছি।
 
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম হামিদ এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/কেকে