স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িতে ধাক্কা দেয়ার ঘটনায় নিউ ভিশন পরিবহণের চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে ৪ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ রিমান্ড মঞ্জুর করেন। চালক ও হেলপার জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঢাকার শেরে বাংলা নগরের কলেজ গেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িতে নিউ ভিশন পরিবহণের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। বাসটি তখন বাস চালকের সহকারী চালাচ্ছিল। এ ঘটনায় ওই রাতে মোহাম্মদপুর ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক এখলাসুর রহমান রাজধানীর শেরে বাংলানগর থানায় মামলা করেন। এবং বাস চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে গ্রেফতার করা হয়।
আদালত সূত্র জানায়, গ্রেফতারকৃত চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে শনিবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেওয়া বাসটির চালক আসনে ছিলেন না, এ সময় গাড়ি চালাচ্ছিলেন চালকের সহযোগী মানিক মিয়া। ট্রাফিক আইন অনুযায়ী চালকের সহকারীর কখনও গাড়ি চালানোর সুযোগ নেই। এ ঘটনার পেছনে অন্য কোন কারণ থাকতে পারে। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইত্তেফাক/এমআই
