নেত্রকোনা মুক্তিযোদ্ধাকে মারধর, গ্রেপ্তার ২

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২১:০৮
নেত্রকোনার মদনে সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস মিয়াকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চানগাঁও শাহাপুর ( নয়াপাড়া) গ্রামে কাঞ্চনের ছেলে রাফি ও একই এলাকার মৃত রহমানের ছেলে জাহাঙ্গীর।
 
জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার চানগাঁও শাহাপুর ( নয়াপাড়া) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাঞ্চলের ছেলে রাফি, খোকনের ছেলে সোহাগ, মৃত রহমানের ছেলে জাহাঙ্গীরসহ ৬/৭জন মুক্তিযোদ্ধা ফেরদৌস মিয়ার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে তাকে দ্রুত মদন হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুক্তিযোদ্ধা ফেরদৌস মিয়ার ছেলে রুহুল আমিন সাগর বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলার বাদী রুহুল আমিন সাগর জানায়, আমার পাড়ার মেনু ফকিরের জমি দিয়ে পাওয়ার টিলার নিয়ে গেলে জমির আইল ভেঙে পানি নেমে যায়। এর প্রতিবাদ করায় তারা আমাকে মারার হুমকি দেয় এবং আমার বাবাকে রাস্তায় আটকিয়ে মারপিট করে। এরই প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে।
 
আহত মুক্তিযোদ্ধা ফেরদৌস মিয়া জানান, আমি এই ঘটনা কিছুই জানিনা। শালিস করে মদনে আসার পথে আমার ওপর হামলা চালানো হয়। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই।
 
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, এ ঘটনায় ১৩ জনকে আসামি করে একটি নিয়মিত মামলা হয়েছে। প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করে শনিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ