মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দ্রুতই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বাংলাদেশ স্থান করে নিবে উন্নত দেশের কাতারে। প্রতিষ্ঠিত হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত শোষণহীন সোনার বাংলা। যা ছিল বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের আত্মত্যাগের মূল লক্ষ্য।
তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠানে বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।
প্রতিমন্ত্রী বলেন, এক আঙ্গুগুলি হেলনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আর সেই স্বাধীন দেশেই বঙ্গবন্ধুর মতো মহান নেতার বুকে ঘাতকের বুলেট গোটা দেশ ও জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।
তিনি আরো বলেন, আগস্ট শোকের মাস। এই মাসেই ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি নারী ও শিশু। এ কারণে এই দিনটি বাঙ্গালি জাতির জীবনে এটি একটি কলঙ্কজনক অধ্যায়।
তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা আবুবকর চৌধূরী, মাইনুল ইসলাম, বশির উদ্দিন, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, আলী-আল-রাফু অমিত, ওয়াহিদ হাসান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
