রাজশাহীর উন্নয়নে যা যা দরকার, প্রধানমন্ত্রী সব দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার রাতে ঢাকা থেকে ফিরে রাজশাহী স্টেশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘গণভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আমাকে মেয়র নির্বাচিত করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে রাজশাহীর উন্নয়নে যা যা দরকার, যত প্রকল্প দরকার, সব প্রদানের আশ্বাস দিয়েছেন।’
শুক্রবার রাতে সিল্কসিটি ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফিরেন রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। খায়রুজ্জামান লিটনকে রাজশাহীতে স্বাগত জানাতে স্টেশনে ভিড় জমান আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ট্রেন থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র লিটন। এর আগে গত ৩ আগস্ট ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেছিলেন তিনি। এক সপ্তাহের এ সফরকালে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র লিটন।
গত ৮ আগস্ট ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাসিক মেয়র নির্বাচিত হওয়ার পর এটি ছিল খায়রুজ্জামান লিটনের প্রথম ঢাকা সফর।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
ইত্তেফাক/বিএএফ
