সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাজরাখালীতে খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেঁড়িবাধ ভেঙ্গে তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার।
রবিবার দুপুরে সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৪ নম্বর পোল্ডারের কাছাকাছি হাজরাখালী নামক স্থানে প্রায় ৬০-৭০ ফুট এলাকা জুড়ে বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বেড়িবাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবে আশঙ্কা করছেন স্থানীয এলাকাবাসী।
স্থানীয় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, আগে থেকেই বাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা তেমন কোন গুরুত্ব দেয়নি। চলতি অমাবস্যার কারণে নদীতে জোয়ার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুপুরের হঠাৎ করেই বাঁধটি নদী গর্ভে ধ্বসে পড়ে। প্রায় ৬০-৭০ ফুট এলাকা দিয়ে নদীর পানি প্রবল বেগে লোকালয়ে ঢুকছে। ইতিমধ্যে মাড়িয়ালা, থানাঘাটা ও বকচর গ্রামের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধ শতাধিক পরিবার।
এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। দ্রুত বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
