ফকিরহাটে দরিদ্রতা হ্রাস, ফেরত যাচ্ছে ১০৭১৯ ভিজিএফ কার্ড

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৫:৫৭
সরকারের নানামুখী কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের অধিকাংশ পরিবারে এসেছে সচ্ছলতা। হতদরিদ্র ও দুঃস্থ পরিবার হ্রাস পাওয়ায় সেখানকার ১০হাজার ৭শ’ ১৯টি ভিজিএফ কার্ড কর্তৃপক্ষের কাছে ফেরত যাচ্ছে। তৃণমূলে কর্মসংস্থান, আর্থসামাজিক উন্নয়ন ও মূল্যবোধ সৃষ্টিতে এটি একটি বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ্য করেছেন সচেতন মহল।
 
পুরাতন ভিজিএফ কার্ডের চাল গ্রহণকারীরা বলেন, বর্তমান সরকারের কাছ থেকে আমরা জমিতে ফসল ফলাতে সার, বীজ ও উপযুক্ত পরিবেশ চাই। বেকার সমস্যা দূর করতে চাই উপযুক্ত কর্মস্থল। যা বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হওয়ার পাশাপাশি এই এলাকায় শিল্পায়ন হওয়ায় চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এখন আমাদের মত অধিকাংশ পরিবারে এসেছে সচ্ছলতা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ পারভিন জানান, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দুঃস্থদের জন্য ভিজিএফ’র মোট ২৯,২২০ টি কার্ডে ৫৮৪.৪০০ মেট্রিকটন (চাল) বরাদ্দ পাওয়া যায়। প্রতি কার্ডে ২০ কেজি চাল বরাদ্দ আছে। যা ৮টি ইউনিয়নে ভাগ করে দেওয়ার জন্য চেয়ারম্যানদের প্রদান করা হয়। উক্ত ইউপি চেয়ারম্যানগণ ওয়ার্ড সভার সিদ্ধান্তে গ্রহণ করে তাদের ইউনিয়নে বরাদ্দকৃত কার্ডের সমপরিমাণ হতদরিদ্র ও দুঃস্থ পরিবার নাই বলে লিখিতভাবে জানান। ফলে তারা মোট ৮টি ইউনিয়ন থেকে ১০,৭১৯টি কার্ডের চাল গত ৯ আগস্ট উপজেলা সভায় সিদ্ধান্ত অনুযায়ী ফেরত পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
 
 
স্থানীয় এমপি শেখ হেলাল উদ্দীন বলেন, এসডিজি বাস্তবায়নে সাধারণ জনগণের কাছে প্রত্যেকটি কাজে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। যা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সর্বত্র বাস্তবায়িত হচ্ছে। ফলে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রমের সুফল সমান ভাবে পেয়েছে সাধারণ জনগণ। তাই প্রতিটি পরিবারে এসেছে সচ্ছলতা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন আর কেউ অনাহারে থেকে কাঁদে না।
 
ইত্তেফাক/বিএএফ