শ্লীলতাহানির দায়ে যুবককে ১০ বেত্রাঘাত ও নাকে খত

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৮:৫৭
লক্ষ্মীপুরের রামগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে সফিকুল ইসলাম নামে এক যুবককে ১০ বেত্রাঘাত ও নাকে খত দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। রবিবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার সময় সেকান্দার মিয়ার ছেলে সফিক তাকে জড়িয়ে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার দিয়ে স্কুলের একটি কক্ষে গিয়ে কান্না শুরু করলে শিক্ষকরা বিষয়টি অবগত হন। পরে স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ, ম্যানেজিং কমিটির সভাপতি জিএম ছায়েদ আলী, আবুল কাশেম, সাবেক মেম্বার বাচ্চু মিয়া, যুবলীগ নেতা জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ে জরুরি  শালিস বৈঠকে বসে। এ সময় তাদের বিচার অনুযায়ী সফিককে ১০ বেত্রাঘাত ও নাকে খত দিয়ে ছেড়ে দেওয়া হয়।
 
বিদ্যালয়ের সভাপতি জিএম সাদেক আলী জানান, ‘শিশু বাচ্চার ঘটনাটি ছোট। তাই উপরস্থ কাউকে জানানো হয়নি। আমরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।’
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, ‘ছাত্রীর মা বিবি হাওয়া বেগমের উপস্থিতিতে এলাকার লোকজনের উপস্থিতিতে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।’
 
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করীম জানান, ‘বিষয়টি আমি জানিনা। তবে শিগগিরই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 
ইত্তেফাক/বিএএফ