পিরোজপুরে ক্লিনটন হত্যার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৮:৪৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত কলেজছাত্র ক্লিনটন মজুমদার হত্যা মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মারজানকে (২৫)  ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে থানা সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারকৃত মারজান পার্শ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। সে ২০১৩ সালে সংগঠিত মঠবাড়িয়ার আলোচিত কলেজ ছাত্র ক্লিনটন মজুমদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
 
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল থানা সড়কে অবস্থান নেয়। এ সময় মারজান দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, মারজানের বিরুদ্ধে মঠবাড়িয়া ও পাথরঘাটা থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ