খুলনা জেলায় জুলাই মাসে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় ৫১৫টি মামলা রেকর্ড করা হয়েছে। রবিবার দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান। সভায় আসন্ন ঈদ-উল-আযহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপদ সড়ক বাস্তবায়নে বিআরটিএর অভিযান অব্যাহত, মাদকসহ অবৈধ হকার নিয়ন্ত্রণে আলোচনা করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, জেলার নয়টি উপজেলায় গত জুলাই মাসে ডাকাতি ১টি, চুরি ৬টি, খুন ১টি, অস্ত্র আইন ১টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, নারী ও শিশু পাচার ২টি, মাদকদ্রব্য ১৪২টি এবং অন্যান্য ৮৬টি সহ মোট ২৫৪টি মামলা দায়ের হয়েছে। জুন মাসে এ সংখ্যা ছিল ২৯১টি।
অপরদিকে মহানগরীর আটটি থানায় জুলাই মাসে রাহাজানি ২টি, চুরি ১৪টি, খুন ৪টি, অস্ত্র আইনে ২টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৫টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, নারী ও শিশু পাচার ৩টি ও মাদকদ্রব্য ১৮৩টি এবং অন্যান্য আইনে ৩৬টিসহ মোট ২৬১টি মামলা দায়ের করা হয়েছে। জুন মাসে এ সংখ্যা ছিল ২৪৭টি।
সভায় খুলনা জেলা পরিষদ চেয়াম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও কেএমপির প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
