সাভারে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার খাগান, শ্রীপুর ও গণস্বাস্থ্য হাসপাতাল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বাবা-মায়ের সাথে অভিমান করে রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাইয়াজ রাফিদ নিজ ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বিষয়টি দেখার পর তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সকালে জবেদা খাতুন (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার শারদাগঞ্জ গ্রামের আয়নাল হকের স্ত্রী।
জবেদা স্বামীর সাথে আশুলিয়ার গণস্বাস্থ্য কাজী মার্কেট এলাকার মাহমুদ কাজির বাসায় ভাড়া থাকতেন। মারা যাওয়ার সময় তার পেটে বিষ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া আশুলিয়ার শ্রীপুর নতুন নগর এলাকার মো. সামাদের ভাড়া বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানে সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় শাকিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তালপট্টী এলাকার নাছির উদ্দিনের মেয়ে।
আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বলেন, লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
