রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত, ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২০:১৭
রংপুর মহানগরীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুঘর্টনায় স্কুলছাত্র নিহত হয়েছে। সড়ক দুঘর্টনার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সহপাঠীরাসহ বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় তারা একটি অ্যাম্বলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১১টায় রংপুর-ঢাকা মহাসড়কের ঘাঘটপাড়াস্থ শুটকির আড়তের সামনে।
 
নিহত ছাত্র জিয়ন বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলেরহাট গ্রামের স্কুল শিক্ষক জাহিদুল ইসলামের ছেলে। সে রংপুর মহানগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়ন দর্শনার ঘাঘটপাড়া এলাকার মেঘলা ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো। সকালে বাইসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে কোচিং শেষে ফিরে আসার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
 
এদিকে বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ও আশপাশের ছাত্রাবাসের শিক্ষার্থীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় জিয়নের মরদেহ নিতে আসা অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন তারা। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ১০/১২টি গাড়িতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে এবং লাঠিচার্জ করে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ জানান, দুর্ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে সেখানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো বাসের চালক ও হেলপালকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/আরকেজি