ভূঞাপুরে শিক্ষককে শ্রেণিকক্ষের ভেতরে ছাত্রীদের সামনেই মারধর করেছেন সহকারী গ্রন্থাগারিক ও বহিরাগতরা। রবিবার দুপুরে উপজেলার শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। পরে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।
জানা যায়, কলেজের সহকারী গ্রন্থাগারিক আব্দুস সামাদ সরকারের মেয়ে একই কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। কিন্তু নিয়মিত কলেজে না আসায় ইংরেজির সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তাকে শাসন করেন এবং নিয়মিত কলেজে আসতে নির্দেশ দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আব্দুস সামাদ ও তার ভাতিজা কলেজের প্রদর্শক জাহিদুল ইসলাম রিপন বহিরাগত সামাদ আলীকে সঙ্গে নিয়ে ওই শিক্ষকের উপর হামলা চালান এবং তাকে মারধর করেন। এসময় ওই শিক্ষকের ডাক-চিৎকারে কলেজের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনায় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।
কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আব্দুস সালাম মিয়া জানান, ঘটনার পরই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
