‘আমার ভবিষ্যৎ স্বপ্ন নষ্ট করে দিয়েছে বিএসএফ’

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২০:৩৬
‘ভেবেছিলাম ভারতে গিয়ে চিকিৎসা নিলে আমার ডান চোখটির আলো ফিরে আসবে। কিন্তু সেটা আর হল না। ভারতীয় ডাক্তাররা আমার চোখের আলো ফেরানোর চেষ্টা করেননি। তারা বলছেন, এই চোখ অপারেশন করেও আলো ফেরানো যাবে না। তাই তারা আমার চোখের অপারেশন করেনি। শুধু দুই একটা পরীক্ষা করে চোখে ড্রপ দিয়েছেন। তাই ৯ দিন চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার দেশে ফিরে এসেছি। আমার ভবিষ্যৎ স্বপ্ন নষ্ট করে দিয়েছে ভারতীয় বিএসএফ।’
 
কান্নাজরিত কণ্ঠে কথাগুলো বলছিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে ডান চোখ হারানো স্কুলছাত্র রাসেল মিয়া (১৪)।
 
চোখের দৃষ্টি ফেরাতে না পেরে অবশেষে ডান চোখ অন্ধত্ব নিয়ে দেশে ফিরেছে কুড়িগ্রামের ফুলবাড়ীর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালাটারী গ্রামের রাসেল মিয়া। রোববার দুপুরে নিয়ে বাবা-মার কাছে ফিরে এসেছে সে। ভারতে চিকিৎসার পরেও রাসেলের চোখের দৃষ্টি না ফেরায় তার দিনমজুর বাবা-মাসহ পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েছেন। ছেলের চোখটি দিয়ে কখনও আলো ফিরবে না শুনে মা আঞ্জু আরা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন।
 
দীর্ঘ এক মাস ধরে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসা করেও রাসেলের ডান চোখটির আলো ফেরাতে পারেনি। অবশেষে এক মাস চিকিৎসা শেষে ডান চোখটি অন্ধ হয়ে পরিবারে কাছে ফিরে আসে সে।
 
বিএসএফের ছোঁড়া রাবার বুলেটের স্প্রিন্টের আঘাতে গুরুতর আহতের খবর একাধিকবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হলে আইন ও শালিস কেন্দ্র (আসক) আহত স্কুলছাত্র রাসেলের খবর নিতে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট হাসপাতালে যান। পরে বিষয়টি গুরুত্ব সহকারে আইন ও শালিস কেন্দ্রের কর্মকর্তা আবু মোহাম্মাদ ফাইজুল কবির ও হাসিবুর রহমান ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশন গিয়ে আহত রাসেলের উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। পরে আহত রাসেলের উন্নত চিকিৎসার জন্য তার পরিবারকে আশ্বাস দেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।
 
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল বিকালে ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩০/৮ এর পাশে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে রাসেল বন্ধুদের সঙ্গে গরুর ঘাস কাটতে গেলে ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্যরা  অক্ষত থাকলেও স্কুলছাত্র রাসেলের মুখমণ্ডলে রাবার বুলেট বিদ্ধ হয়।
 
ইত্তেফাক/বিএএফ