চাঁপাইনবাবগঞ্জে সেরিনা হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২১:১৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেরিনা খাতুন হত্যা মামলায় নারীসহ দু’জনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোহনবাগের কান্তু মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৪) ও শ্যামপুর চৌধুরীপাড়ার দাউদ আলীর মেয়ে সুফিয়া বেগম (৩৫)। এদের মধ্যে সুফিয়া বেগম পলাতক রয়েছেন।
 
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে দেওয়ান জাইগির গ্রামের সেরিনা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে সুফিয়া বেগমের সহায়তায় ডেকে নিয়ে যান আব্দুল মান্নান। পরে শিবগঞ্জ পৌর এলাকার সেলিমবাদের একটি আমবাগানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩১ মে শিবগঞ্জ থানার এসআই লুৎফর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
 
ইত্তেফাক/বিএএফ