১০৯ নম্বরে কল, বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২১:৩৭
১০৯ নম্বরে কল করে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জেএনসি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। ইউএনও মুকতাদিরুল আহমেদের নির্দেশে রবিবার দুপুরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ সরকার পুলিশের সহায়তায় বিয়েটি বন্ধ করে দেন। এ সময় ওই ছাত্রীকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে ছাত্রীটির পিতা-মাতার কাছ থেকে মুচলেকা নেন তারা।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চান্দপাড়া গ্রামের সবুজ মিয়া তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন করেন। কিশোরগঞ্জ জেলা শহরের পাগলা মসজিদ সংলগ্ন কসাইপট্টি এলাকার বাসিন্দা এক ছেলের সাথে রবিবার ওই ছাত্রীর এ বিয়ে হওয়ার কথা ছিল।
 
কিন্তু বিয়েটি বন্ধ করার জন্য এলাকার অজ্ঞাতনামা ব্যক্তি ১০৯ নম্বরে বিষয়টি জানান। পরে ইউএনওকে বিয়েটি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্দেশ দেন নেত্রকোনা জেলা প্রশাসক।
 
ইউএনওর নির্দেশে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ সরকার কেন্দুয়া থানার এসআই আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করেন এবং ওই ছাত্রীর পিতা-মাতার মুচলেকা নেন।
 
ইত্তেফাক/আরকেজি