পানি সঙ্কটে রাজশাহী অঞ্চলে পাট নিয়ে বিপাকে কৃষকরা

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২১:৪৭
রাজশাহী অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পাট নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। গতবার পাটের দাম কম পাওয়ায় এবার পাট চাষ কমেছে প্রায় ১ হাজার হেক্টর জমিতে। ফলে পাট চাষের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
 
এরই মধ্যে জমি থেকে পাট সংগ্রহের কাজ শুরু করেছেন কৃষকরা। কিন্তু পানির সঙ্কটে পাট জাগ দিতে পারছে না অনেকেই। এতে করে পাট নিয়ে বিপাকে পড়েছে তারা। কোথাও কোথাও জায়গা সঙ্কটের কারণে পাট কেটে রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়েছে।
 
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালি গ্রামে গিয়ে সরেজমিনে দেখা যায়, এই গ্রামের অন্তত শতাধিক কৃষক জমি থেকে পাট কেটে রাস্তার পাশে স্তুপ করে ফেলে রেখেছেন। ৬বর্ষায় বিলে পানি জমলে সেই পাট জাগ দেয়ার আশা করছেন তারা। আবার কেউ কেউ কোনো কোনো পুকুরে পাট জাগ দিয়ে রেখেছেন। সেখানে ফাঁকা হলে আরেকজন গিয়ে পাট জাগ দিবেন, এমন আশায়ও বসে আছেন অনেকেই। কিন্তু পানি সঙ্কটের কারণে এবং রোদে কাঁচা পাট এরই মধ্যে নষ্ট হতেও শুরু করেছে বলে জানান কৃষকরা।
 
ওই গ্রামের কৃষক সোলেমান আলী জানান, এবার তিনি প্রায় ৪ বিঘা জমিতে পাটচাষ করেছেন। এরই মধ্যে তিন বিঘা জমির পাট কেটে সম্পন্ন করা হয়েছে। কিন্তু পানির ওভাবে এখনো প্রায় আড়াই বিঘা জমির পাট জাগ দিতে পারেন নি। ওই পাটগুলো রাস্তার পাশে এবং জমির ধারে আইলে স্তুপ করে রেখেছেন তিনি। তার একটি পুকুরে কিছু পাট জাগ দেয়া হয়েছে। সেগুলো জাগ সম্পন্ন হলে আরো কিছু সেখানে নিয়ে জাগ দিবেন তিনি। তবে অনেকেই এখনো তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। বৃষ্টিতে খাল-বিল ডুবে গেলে সেই পানিতে পাট জাগ দিবেন কৃষকরা।’
 
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ২০১৬ সালে রাজশাহীতে পাট চাষ হয়েছিল ১৩ হাজার ৬২২ হেক্টর জমিতে। ২০১৭ সালে ১৩ হাজার ৭০০ হেক্টর জমিতে। এবার পাট চাষ হয়েছে ১২ হাজার ৮২৫ হেক্টর জমিতে। যা গতবছরের তুলনায় ৮৭৫ হেক্টর কম। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, এখন পর্যন্ত প্রায় ১০ শতাংশ জমির পাট কাটা হয়েছে। তাতে ফলন হয়েছে ২ দশমিক ৩৮ মেট্রিকটন। এবার পাট চাষ কম হলেও উৎপাদন ভালো হবে বলে আশা করা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি