ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উমর ফারুক (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মৈশাইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার মৈশাইর গ্রামে এ যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে আটক করে। পরে খবর পেয়ে রবিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত যুবককে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে বার্মার নাগরিক ও কক্সবাজার
শরণার্থী শিবিরের বলে জানায়। পরে পুলিশ তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিসবাহ উদ্দিন আহমেদ জানান, উমর ফারুককে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ২-১ দিনের মধ্যে তাকে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হবে।
ইত্তেফাক/বিএএফ
