মিরসরাইয়ে বাস উল্টে নারী নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৫:৩১
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাস উল্টে মোছাঃ কলি (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১ টার দিকে করেরহাট ইউনিয়নের ভাঙা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত কলি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার নাছিরের স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকায় ভাঙা টাওয়ারের সামনে মোড় নিতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কলি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কলিকে মৃত ঘোষণা করেন। 
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ