ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানীকর পোস্ট, রামগতিতে যুবক গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:০৩
প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানীকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে মো. রাজু আহাম্মেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চরআলগী ইউনিয়নের পূর্ব চরনেয়ামত গ্রাম থেকে রবিবার মধ্য রাতে তাকে গ্রেফতার করা হয়।
 
রাজু আহাম্মেদ চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং ওই গ্রামের মোঃ  অজিউল্লাহর ছেলে। তিনি নোয়াখালী জেলার মাইজদী শহরের একটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি হিসাবে কাজ করেন।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, নিরাপদ সড়কের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন চলার সময় গত ৩১ জুলাই রাজু আহাম্মেদ তার ফেসবুক ওয়ালে আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেন। এ ছাড়া গত ৩ আগস্ট বঙ্গবন্ধু হত্যার বিচার বিষয়ে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানীকর বক্তব্যও তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে প্রচার করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু