সেনবাগে মো. ওবায়দুল হক (৮২) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের শিকারী বাড়ির আফজাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় ইউপির চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শারীরিক ভাবে অসুস্থ ওবায়দুল হক রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ সোমবার সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি (তদন্ত) আবদুল আলী পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় সেনবাগ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
