হেল্থ কার্ড পেলেন লালপুরের ২৬৮ মুক্তিযোদ্ধা

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:৪৭
সরকারী হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে হেল্থকার্ড পেলেন নাটোরের লালপুর উপজেলার ২৬৮ জন মুক্তিযোদ্ধা। শুধুমাত্র মুক্তিযোদ্ধাভাতা গ্রহণকারী মুক্তযোদ্ধারাই এই সুবিধা পেলেন।ৎ
 
সোমবার লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের হেল্থ কার্ড বিতরণকালে জানান, এই কার্ডধারী মুক্তিযোদ্ধা যে কোন সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের হেল্থ কার্ড বিতরণকারী দ্বিতীয় উপজেলা হলো লালপুর। এর আগে শুধুমাত্র ময়মনসিংহ উপজেলার ত্রিশাল উপজেলায় এই কার্ড বিতরণ করা হয়েছে। 
 
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ড বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজদার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যৌথ স্বাক্ষরিত হেলথকার্ডে কার্ডধারীর সম্পূর্ণ পরিচয়, মুক্তিযোদ্ধা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু