গুজব রটনাকারীদের কোনো ছাড় দেয়া হবে না: আইজিপি

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:৫৯
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে যারা গুজব ছড়িয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
 
আজ সোমবার দুপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও কোরবানির ঈদকে সামনে রেখে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
 
আইজিপি বলেন, গুজব ছড়ানোর ঘটনায় এ পর্যন্ত ২১টি মামলা হয়েছে এবং ২৯টি অনলাইন পোর্টালকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
তিনি বলেন, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের পর পর তিনদিন শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে আন্দোলন করছিল, যা সঠিক পথেই ছিল।এরপরে ওই আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী বা তৃতীয় পক্ষ ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করে। 
 
তিনি বলেন, যারা ছাত্র নয়, যাদের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ছিল তারাই হচ্ছে তৃতীয় পক্ষ।
 
জাবেদ পাটোয়ারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে সাইবার অপরাধ মনিটরিং এর জন্য আমরা কেন্দ্রীয়ভাবে সেল মনিটরিং জোরদার করছি। সেই সঙ্গে ফেইসবুকে ফেইক আইডিগুলো চিহ্নিত করা হচ্ছে। বেশ কিছু আইডি ইতোমধ্যে ব্লক করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে