রমনাপার্কে ধরিত্রী দিবস পালন

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:৪৫

সারা বিশ্বের মতো রাজধানীর রমনা পার্কে আজ সোমবার (২২ এপ্রিল) পালন করা হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস। ইংলিশ একসেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এর আয়োজন করা হয়। ৪৩ জন ছাত্রছাত্রী এতে অংশ নেন।

এনহেন্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে পৃথিবীকে নিরাপদ এবং বসবাসযোগ্য রাখতে নানা আয়োজন ও আলোচনার মধ্য দিয়ে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন দিবসটি উদযাপন করে। ৪৩ জন ছাত্রছাত্রীকে ৪ দলে ভাগ করে  পার্ক পরিদর্শন, বিভিন্ন গাছের সঙ্গে পরিচিতি এবং চারপাশের ময়লা আবর্জনা পরিষ্কারকরণসহ হাতে তৈরি লিফলেট বিতরণের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতামূলক ধারণা প্রদান করা হয়। তারপর সকলে মিলে র‌্যালির মাধ্যমে রমনাপার্কের পুরো এলাকা প্রদক্ষিণ করেন। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দিলারা আক্তার উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন ও শিক্ষার্থীদের সঙ্গে মত  বিনিময় করেন। এ সময় চারটি দল একত্রিত হয়ে গোলাকার হয়ে বসে। 

এছাড়া একসেস এর প্রধান ও সহকারী শিক্ষকদের কাছ থেকে পরিবেশ এবং ধরিত্রী দিবস সম্পর্কে শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা লাভ করে। সেখানে উপস্থিত ছিলেন- অভিভাবক, অথিতিসহ একসেস ভলেন্টিয়াররা।

আরো পড়ুন: শ্রীলংকায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা
 
উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম দিবসটি পালিত হয় এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়। ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর এ দিনটি পালন করে থাকে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় মানুষকে অধিক সচেতন করা এর প্রধান কাজ। ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেট এর অর্থায়নে ২০১৮-১৯ সেশনে ৪৫ জন ছাত্রছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। 

ইত্তেফাক/এমআই