শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহন চাপ বৃদ্ধি পেয়েছে। এ কারণে আসন্ন ঈদুল আযহার আগে প্রচণ্ড যানজট সৃষ্টির আশংকা করা হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে প্রয়োজনীয় সংখ্যক ফেরি রয়েছে। নাব্যতাও যথেষ্ঠ। এ কারনে অধিক সংখ্যক যানবাহন এদিকে আসছে। ফলে পারাপারে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।
সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ করে দৌলতদিয়ায় পণ্যবোঝাই অন্তত ৫শ ট্রাকসহ উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, পাটুরিয়া রুটে ফেরি বহরে ছোট-বড় ১৮টি ফেরি রয়েছে। কাঠালবাড়ী রুটে নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ রুটের বহু যানবাহন অন্যপথে পাটুরিয়া হয়ে ফেরি পারের জন্য আসছে। ফলে, পাটুরিয়া রুটে স্বাভাবিকভাবে প্রত্যহ আড়াই হাজারের বেশি যানবাহন ফেরি পার হলেও শিমুলিয়ায় অচলাবস্থার কারনে বাড়তি যানবাহনের চাপ তৈরি হচ্ছে। এ চাপ সামাল দিতে যদিও কাঠালবাড়ি রুটের দুটি রো-রো ও একটি কেটাইপ ফেরি সোমবার পাটুরিয়া বহরে যোগ হয়েছে।
কর্মকর্তারা বলছেন, শিমুলিয়া রুটে ফেরি চলাচলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশেষ করে ঈদুল আযহার বাড়তি চাপ সামলাতে পাটুরিয়া রুটে অধিক সংখ্যক ফেরি মোতায়েন থাকবে।
এদিকে যানবাহন মালিক-চালকরা অভিযোগ করেন, পাটুরিয়া ঘাটে যানবাহন চাপ বৃদ্ধির সুযোগে সিরিয়াল ও বুকিং কাউন্টারে দায়িত্বরত একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও চিহ্নিত দালাল চক্র গাড়ি প্রতি ৫/৭শ টাকা হাতিয়ে নিচ্ছে। বাড়তি টাকা না দিলে নানা হয়রানির শিকার হতে হয়। যদিও সংশ্লিষ্ঠ কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।
এছাড়া, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সৃষ্ট যানজট ও প্রাকৃতিক দুর্যোগের সময় লঞ্চ-ফেরি ক্যান্টিন, হোটেল-রেঁস্তোরা, হকারসহ বিভিন্ন ব্যবসায়ীরা যানবাহনের যাত্রী ও অন্যদের নিকট কয়েক গুণ অধিক মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করে আসছে। এ নিয়ে প্রায়ই নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে।
মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে পাটুরিয়া ঘাট নিয়ন্ত্রণ কক্ষ ‘মোহনা’য় অনুষ্ঠিত সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যানবাহন ও যাত্রী পারাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে, ২০টি ফেরি এবং ৩৩টি লঞ্চযোগে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে। ঈদের তিন দিন আগে ও পরবর্তী তিন দিন এরুটে ফেরিতে ট্রাকসহ ভারি যানবাহন পারাপার বন্ধ থাকবে। যানবাহন চলাচল ও যাত্রী নিরাপত্তায় এ জেলার স্পর্শকাতর পয়েন্টে সাড়ে ৫শ পুলিশ, আনসার, র্যাব-আর্মড পুলিশ মোতায়েন থাকবে।
ইত্তেফাক/নূহু
