গাজীপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:৫৮
গাজীপুরে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন এবং অপরজনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় প্রদান করেন।
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোঃ ফারুক আলম (৩৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। রায়ে একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর আসামি একই উপজেলা সদরের শ্রী শ্যামাপদ চৌহানের ছেলে শ্রী দুলাল চৌহানকে (৫০) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম করাদণ্ড প্রাদান করা হয়েছে। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
 
গাজীপুরের আদালতের পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা ২০০৮ সালের ২১ মার্চ রাতে অভিযান চালিয়ে শ্রীপুরের লোহাগাছিয়া এলাকা থেকে ফারুক আলমকে ৭৩ বোতল এবং দুলাল চৌহানকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়।
 
শ্রীপুর থানা পুলিশ তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদলতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক ওই দণ্ড ঘোষণা করেন।
 
মামলায় রাষ্ট্রপক্ষে পিপি মোঃ হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মোঃ আবুল হাশেম মামলাটি পরিচালনা করেন।
 
ইত্তেফাক/নূহু