সাগরে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:৩৪
টেকনাফে বন্ধুদের সঙ্গে শখ করে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাদ্রাসা ছাত্র ইয়ার মোহাম্মদ (১৬)। এর ২৪ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর বাদশা মিয়ার পুত্র।
 
জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়ার শামলাপুর উত্তর ঘাট বিচ পয়েন্টে নিখোঁজ হয় জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র (রোল নং-১৫) ইয়ার মোহাম্মদ।
 
বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা সাগর হতে ভাসমান অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। সন্ধ্যায় স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
তথ্যানুসন্ধানে পারিবারিক সূত্র জানায়, ইয়ার মোহাম্মদ, সহপাঠী মোহাম্মদ হোছন  ও প্রতিবেশী মাহমুদ উল্লাহ, আবু বক্কর গত রবিবার সকালে হোয়াইক্যং হয়ে বাহারছড়া শামলাপুর যায়। সেখানে কিছুক্ষণ বিশ্রাম ও নাস্তা করার পর সাগরে গোসল করতে নামে। কিছুক্ষণ গোসল করার পর হঠাৎ ঢেউয়ের টানে পড়ে যায় তারা। সহপাঠী মোহাম্মদ হোছন কোন প্রকারে কিনারায় চলে আসে। এর অল্প কিছুক্ষণ পর আবু বক্কর ও মাহমুদ উল্লাহ কিনারায় ভেসে আসে। মোহাম্মদ হোছন ও আবু বক্কর মিলে মুমূর্ষু এবং অজ্ঞান অবস্থায় মাহমুদুল্লাহকে উদ্ধার করে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে ইয়ার মোহাম্মদের খোঁজ না পেয়ে বাড়িতে এসে জানায়। পরদিন ওই এলাকায় খুঁজতে গিয়ে দুপুরে ভাসমান লাশ পাওয়া যায়।
 
ইত্তেফাক/নূহু