নরসিংদী জেলা প্রশাসনের ব্যতিক্রমী প্রচারণা। বিধি বহির্ভূতভাবে জাতীয় পতাকার ব্যবহার রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে জেলা প্রশাসনের কর্মকর্তারা এসব লিফলেট বিতরণ করেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পতাকার সঠিক মাপ, রং এবং বিধিবদ্ধ ব্যবহার নিশ্চিত করতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। লিফলেট বিতরণ করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, নরসিংদী স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়াল, জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা, মো. শাহ আলম মিয়া, এনডিসি মাসুদুল হক প্রমূখ।
নরসিংদী কোর্ট রোডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠানের লোকজনের হাতে এসব লিফলেট বিতরণ করে সচেতনতা তৈরি করা হয়। এ কর্মসূচীতে জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছিল।
ইত্তেফাক/নূহু
