সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২৩:০৪
বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সাংবাদিকতার ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেছেন, তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।’
 
প্রধানমন্ত্রী বলেছেন, গোলাম সারওয়ার সবসময় দেশের প্রগতিশীল ধারার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সোচ্চার ছিলেন। তিনি সাংবাদিকদের সকল বৈধ অধিকার ও দাবি পূরণ সংক্রান্ত সব আন্দোলনের সঙ্গে ছিলেন। 
 
শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
 
উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার বাংলাদেশ সময় সোমবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
 
ইত্তেফাক/কেআই