গৌরীপুরে ২৪ ঘণ্টায় ৩টি ইজিবাইক ছিনতাই

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:১৫
ময়মনসিংহের গৌরীপুরে গত ২৪ ঘন্টার ব্যবধানে তিন চালককে হাত, পা, চোখ বেঁধে ও জুস পান করিয়ে অজ্ঞান করে তিনটি অটোরিক্সা (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
 
গতকাল সোমবার বিকালে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলগেইট এলাকা থেকে চারজন যাত্রী গৌরীপুর যাওয়ার কথাবলে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের কালাম মিয়ার ছেলে কিশোর ড্রাইভার সজিবের (১৩) ব্যাটারিচালিত ইজিবাইকটি সাড়ে তিনশত টাকায় ভাড়া নেয়। সন্ধ্যার পর পর ইজিবাইকটি চালিয়ে সজিব গৌরীপুর বাজার পার হয়ে কিশোরগঞ্জ-শম্ভুগঞ্জ সড়কের কলতাপাড়া বাজার পার হতেই নির্জন এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারী দল কিশোর ড্রাইভার সজিবের হাত, পা, চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে। তারপর তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে কিলঘুষি, লাথি মেরে রাস্তার পাশে ফেলে রেখে ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
 
প্রাণে বেঁচে যাওয়া কিশোর ড্রাইভার সজিব রাস্তার লোকজনের সহায়তায় বাড়ি ফিরলেও তার ভিতর ভয় এবং আতঙ্ক বিরাজ করছে।
 
রবিবার সকালে জনৈক যুবক রোগী নেওয়ার কথা বলে তোফায়েলের অটোরিক্সাটি নিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এ সময় হাসপাতাল চত্বরে তোফায়েলকে চেতনানাশক ওষুধ মিশ্রিত জুস খাইয়ে অচেতন করে অটোরিক্সাটি নিয়ে যায় ছিনতাইকারী যুবক। তোফায়েলকে গৌরীপুর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা গ্রামের মোঃ আবু চান মিয়ার পুত্র।
 
একইদিন রাত ৮টার দিকে অজ্ঞান অবস্থায় অটোরিক্সা চালক রাকিবুল ইসলামকে (১৮) আনা হয় গৌরীপুর হাসপাতালে। রাকিবুল ইসলাম জানান, গৌরীপুর থেকে ৪/৫জন যাত্রী তাঁর অটোরিক্সাটি ভাড়া করে। বেখৈরহাটি যাওয়ার পথে ওই সড়কের বীর আহাম্মদপুর এলাকায় পৌঁছুলে একটা বিস্কুট ও জুস খাওয়ায়। এরপরই সে অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরে নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখে। তখন তার অটোরিক্সাটি তার কাছে ছিল না। সে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মোঃ লিটন মিয়ার পুত্র। রাকিবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় কোন মামলা হয়নি। তবে প্রতারক চক্রটিকে ধরার চেষ্টা চলছে এবং চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু