বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ভবন নির্মাণের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকা প্রদান

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৯:৩৮
নারায়ণগঞ্জে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ভবন নির্মাণের জন্য সাংসদ সেলিম ওসমান ৩ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান এ ঘোষণা দেন। 
 
এ সময় দেড় কোটি টাকা করে দুই ভাগে তিনি এ অনুদানের ৩ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রথম ভাগের টাকা সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয় অংশ অক্টোবর মাসে উত্তোলন করা যাবে। ঘোষণা শেষে তিনি নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের হাতে সেপ্টেম্বর মাসের অনুদানের প্রথম অংশের দেড় কোটি টাকার চেক তুলে দেন। এরপর অক্টোবর মাসের দেড় কোটি টাকার আরেকটি চেক নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর হাতে তুলে দেন।
 
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি করো যাতে আমি, মেয়র আর আনোয়ার ভাই তিনজন যদি এক টেবিলে বসি তাহলে কেবল তোমাদের দাবিই না, নারায়ণগঞ্জের মধ্যে এই মর্গ্যান স্কুল অত্যাধূনিক হবে। তার জন্য আমি সংসদ সদস্য থাকি বা না থাকি, আমাকে যদি এই স্কুলে আনা হয় তাহলে তোমাদের জন্য কাজ করবো। 
 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশোক তরু, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু