বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশ সারাবিশ্বে একটা উন্নয়নের রোল মডেলে হিসেবে পরিণত হয়েছে। আমরা খুবই সৌভাগ্যবান যে বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি ১৬ হতে ১৮ ঘণ্টা পরিশ্রম করেন দিনে। এটা বঙ্গবন্ধু কন্যা না হলে সম্ভব হত না।
মঙ্গলবার দিনাজপুরের খানসামায় গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালে বাংলাদেশের জনগণ বিপুল ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেন। এবার আবারো বিজয় দিবসের পর ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন হবে। এই নির্বাচনে আবারো নৌকা মার্কার বিজয় আশা করছি। যাতে করে শেখ হাসিনা আবার নেতৃত্ব দিতে পারেন। আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই।
তিনি বলেন, ১৯৭৫ সালের কালো রাত্রিতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়। স্বাধীনতার পরাশক্তির দোসররা এই হত্যাকাণ্ডটি ঘটায়। বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় জীবনে রক্ষা পান। ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে আসেন।
ইত্তেফাক/জেডএইচ
