গুজব ছড়ানোর অভিযোগে আটক ঢাবি ছাত্রী জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২২:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে হলের একজন আবাসিক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শেখ তাসনিম আফরোজ ইমি নামে ওই ছাত্রীকে মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার দিকে তুলে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ও একজন হাউজ টিউটরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী ইত্তেফাককে বলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তিনি তা বলেননি। 
 
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা ইত্তেফাককে বলেন, শুনেছি একজন ছাত্রীকে তুলে নেওয়া হয়েছে। তাকে অবহিত করে তুলে নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অবহিত করা হয়নি। তবে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানিয়েছেন। 
 
জানা গেছে, তাসনিম আফরোজ ইমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তবে তার কোনো পদবী ছিল না। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।
 
কোটা সংস্কার দাবির আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি ইমি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষেও সামাজিক মাধ্যমে সোচ্চার ছিলেন। এ সময় ফেসবুকে গুজব ছড়িয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল।
 
ইত্তেফাক/এমআই