বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের দাফন কাল

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৮:৫২
 
দেশবরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের দাফন হবে আগামীকাল বৃহস্পতিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। আজ বুধবার নেওয়া হবে তার জন্মভূমি বরিশালের বানারীপাড়ায়। সেখান থেকে আজই ফিরিয়ে এনে রাখা হবে বারডেমের হিমঘরে। আগামীকাল প্রিয় কর্মস্থল, শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব হয়ে দাফন করা হবে মিরপুরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশে তার মরদেহ নিয়ে রওনা দেন তার দুই ছেলে ও জামাতা। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে শোকার্ত সহকর্মী-স্বজনরা তার মরদেহবাহী কফিন গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমকাল প্রকাশক এ.কে. আজাদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, পিআইবি’র মহাপরিচালক শাহআলমগীর।
 
গতকাল রাতে তার মরদেহ দেশে ফেরার পর নেওয়া হয় উত্তরার বাসভবনে। সেখান থেকে গোলাম সারওয়ারের মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। আগামীকাল সকাল ৯টায় গোলাম সারওয়ারের মরদেহ নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমকাল সম্পাদকের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। দীর্ঘ কর্মময় জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন তার এই প্রিয় প্রতিষ্ঠানে। সংবাদকর্মীরা সেখানে গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন দেশবরেণ্য এই প্রবীণ সাংবাদিক।
 
গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। গোলাম সারওয়ারের মৃত্যুতে মঙ্গলবার সমকাল কার্যালয়ে খোলা হয়েছে শোকবই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ শোকবই খোলা থাকবে। এছাড়া প্রিয় সম্পাদকের মৃত্যুতে কালোব্যাজ ধারণ করেছেন সমকালের কর্মীরা।
 
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক ইত্তেফাকের ইউনিট প্রধান আবুল খায়ের ও ডেপুটি প্রধান মো. শাহাযাদা। এছাড়া ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক তাজাম্মেল হোসেন এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আবু জাফর শোক প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ