ভারতের স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফ এর শুভেচ্ছা বিনিময়

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৪:২১
 
ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি বিনিময়ের মাধ্যমে তারা এই শুভেচ্ছা বিনিময় করেছেন।
 
বুধবার সকাল ১০টায় সীমান্তের শুন্য আঙিনায় দিবসটির আয়োজন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় সেখানে বিএসএফ ও কাস্টমস কর্তৃপক্ষসহ বেসরকারি কয়েকটি সংগঠন জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
 
এদিকে দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিএসএফের পক্ষ থেকে মিষ্টির ৭টি প্যাকেট উপহার হিসেবে তুলে দেওয়া হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে। পক্ষান্তরে বিএসএফকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মিষ্টির ৬টি প্যাকেট তুলে দেয় বিজিবি সদস্যরা।
 
এসময় বিজিবি-বিএসএফের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুক্ষণের জন্য হলেও এমন আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ উপভোগ করেন এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্ট যাত্রীরা।
 
এবিষয়ে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার একেএম গোলাম মোস্তফা জানান, আমরা বিজিরির পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফের হিলি বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার গিরিশ চন্দ্রের হাতে ছয়টি মিষ্টির প্যাকেট তুলে দেই।
 
এদিকে ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের হিলি বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার গিরিশ চন্দ্র জানান, দিবসটি উপলক্ষে আমরা বিএসএফের পক্ষ থেকে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নামে মিষ্টির সাতটি প্যাকেট দেওয়া হয়েছে। শুভেচ্ছাও জানিয়েছি বিজিবিকে। এর ফলে উভয় সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে।
 
ইত্তেফাক/কেআই