যশোর শহরের বকুলতলায় স্থাপিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি শুরু হয় আজ বুধবার। শহরসহ গ্রামাঞ্চলের মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর রেকর্ডকৃত ভাষণ আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবিস্মরণীয় সংগীতের মাঝে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ছিল রাস্তার পাশে তাবু টাঙিয়ে দরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ। সাবেক এমপি খালেদুর রহমান টিটোর নেতৃত্বে শহরে খিচুড়ি বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানান নাবিল আহমেদ এমপি, যবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামানসহ বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
জিলা স্কুল মিলনায়তনে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাবিল আহমেদ এবং সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।
ইত্তেফাক/নূহু
