ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ৮টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক দিবস উপলক্ষে শোক র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এর পর পরই পুষ্পার্ঘ অর্পণ করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দিবসটি উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতিম ও অসহায়দের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান খান জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ওসি মোস্তফা কামাল প্রমুখ।
অপর দিকে সকাল ১০টায় দোহার উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালী আলোচনা সভা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার রিবার সভাপতিত্বে উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রীর বেসামরিক খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন ওসি শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। আওয়ামী লীগের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
ইত্তেফাক/জেডএইচ/
