রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:১৩
বুধবার রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এদিন নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের সদস্যদের স্মরণ করে রাজশাহীর সর্বস্তরের মানুষ।
 
রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি), বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী শিক্ষাবোর্ড, রাজশাহী সিটি কর্পোরেশন, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় দিবসটি পালন করে। 
 
অন্যদিকে রাজশাহী জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। সকালে কোর্ট শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
 
দিনভর শোক কর্মসূচিতে ছিল সূর্যোদয়ের পরই সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, হিফজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা, হামদ-নাত পরিবেশন, মিলাদ মাহফিল, তবারক বিতরণ, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ থেকে পাঠ এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত চিত্র প্রদর্শনী, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। 
 
বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর কুমারপাড়ার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতারা। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আগে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
 
দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক পদযাত্রা নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। নগরীর লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু