সাভারে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া এবং গণভোজের আয়োজন করা হয়। সকালে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
সাভার উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী এবং তার কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের নের্তৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। পরে বঙ্গবন্ধুর রুহের আত্মর মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া সাভারের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণভোজ ও দোয়ার আয়োজন করা হয়।
ইত্তেফাক/কেকে
