বঙ্গবন্ধুর আদর্শ উপেক্ষা করে চলছে ভিসিতন্ত্র: বেরোবি ছাত্রলীগ সভাপতি

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:৫৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হয়নি। এখানে কোন গণতন্ত্র নেই। বঙ্গবন্ধুর আদর্শ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে ভিসিতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। যখন যিনিই ভিসি হয়ে এসেছেন তিনিই নিজের আদর্শ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।' শোক দিবস উপলক্ষে বুধবার বেলা ১১ টায় ক্যাফেটেরিয়া ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যখন যে ভিসি আসেন তিনিই নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন। এখানে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে সবাই নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আসে। শিক্ষার্থীদের স্বার্থে কেউ কথা বলেন না। ভিসি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবাই নিজেদের লেবাস পরিবর্তন করে। বর্তমান ভিসি অধিকাংশ সময় ক্যাম্পাসের বাইরে থাকেন। তিনি বোঝানোর চেষ্টা করেন যে, তিনি সরকারের কাজে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকেন। এটি ঠিক নয়। তিনি ব্যক্তিগত কাজেই বাইরে থাকেন।’
 
শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘আমরা সকলের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যে কেউ তার মতামত ব্যক্ত করতেই পারে। আমরা অন্যের মতামতকে সম্মান জানাই।’ 
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ,  তথ্য, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সহকারী প্রক্টর আতিউর রহমান, বহিরাঙ্গন পরিচালক রাফিউল আজম নিসার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ, বঙ্গবন্ধু হলের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহবুব আলম। 
 
এর আগে শোক দিবস উপলক্ষে সকাল ৯টায় কালো পতাকা উত্তোলন করে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে। এছাড়া, দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ, নীলদল, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ ও শহীদ মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগ।
 
ইত্তেফাক/নূহু