জয়পুরহাটে জাতীয় শোক দিবস উদযাপনে নানা কর্মসূচী পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:০২
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বুধবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উদযাপন করা হয়েছে।
 
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। কালেক্টরেট চত্বর থেকে শহীদ ডা. আবুল কাশেম ময়দান পর্যন্ত এক বর্ণাঢ্য শোক র‌্যালি বের করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করে।
 
র‌্যালি শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও পুলিশের একটি চৌকশ দল গার্ড অব  অনার প্রদান করে। মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া শিশু একাডেমির উদ্যোগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সরকারি শিশু পরিবার, সকল এতিম খানা, মসজিদ, মন্দির, গীর্জায় কুরআন খানি, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদশর্নী, হাম্দ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, রেড ক্রিসেন্টের উদ্যোগে বিনা মূল্যে ব্লাড গ্রুপিং এবং জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রামান্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
 
শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জিপি অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী প্রমূখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শোক র‌্যালি বের করা হয়।
 
ইত্তেফাক/নূহু