চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চায়ের দোকানে, নিহত ১

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:০৭
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় গ্রামে চলন্ত একটি ট্রাক রাস্তার পার্শ্ববর্তী একটি দোকানের মধ্যে ঢুকে গেলে শফিউদ্দীন (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার বিকেল ৩টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় নামক স্থানে সংঘটিত হয় ওই দুর্ঘটনাটি। নিহত শফিউদ্দীন দৌলাতদিয়াড় দক্ষিনপাড়ার মৃত দিদার আলীর ছেলে। তিনি অন্য একটি ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দৌলাতদিয়াড় বাজারের সড়ক পার্শ্বস্থ নাজমুল হকের চায়ের দোকানে বসে ছিলেন ট্রাক হেলপার শফিউদ্দীন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ওই দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন শফিউদ্দীন। আহত হন ট্রাকচালক আলমিন ও বেল্টু। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মি. কলিমুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শফি উদ্দীনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেছে। ঘটনার পর দুর্ঘটনা কবলিত ওই ট্রাকের চালক ও সহকারী উভয়ে পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।
 
ইত্তেফাক/কেকে