চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:৫০
ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বুধবার চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল, শোক র‌্যালি, রচনা প্রতিযোগিতা।
 
এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।   
 
এই উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, আগস্ট শোকের মাস। কিন্তু এ শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। 
 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী গতকাল টুঙ্গিপাড়ায় মিলাদ, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অংশগ্রহণ করে। সেখানে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান চৌধুরী নওফেল। এছাড়া উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের চট্টগ্রামে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
 
চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার  গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক  মো. ইলিয়াস হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার নুরে আলম মিনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মোজাফফর আহমদ, জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন।
 
আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতা ও অসমাপ্ত আত্মজীবনী পড়ে বিজয়ী হওয়া ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে নগরের সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এসময় শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় ও জেলা প্রশাসনসহ রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। 
 
ইত্তেফাক/নূহু