পীরগাছায় ঈদ উপলক্ষে পশুরহাটগুলোতে অতিরিক্ত টোল আদায়

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৪:৩২
ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরের পীরগাছায় পশুহাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন ইজারাদাররা।
 
উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ছয়টি পশুর হাট রয়েছে। এসব হাট উপজেলা প্রশাসন ইজারা দেয়। ঈদে চৌধুরাণী হাট, পাওটানার হাট, আনন্দনগর হাট ও দেউতির হাটে পর্যাপ্ত পরিমানে গবাদি পশু পাওয়া যায়। এবার ইতোমধ্যেই হাটগুলো জমে উঠেছে। কিন্তু বাঁধ সেজেসে ইজারাদাররা। ক্রেতা বিক্রেতাদের জিম্মি করে চাঁদা আদায় করছেন তারা। একই সাথে দিতে হচ্ছে দ্বি-মুখী টোল। একটি গরু বিক্রি হলে বিক্রেতার নিকট দুইশত টাকা ও ক্রেতার নিকট পাঁচশত টাকা এবং একটি ছাগল বিক্রি হলে বিক্রেতার নিকট ১৫০ টাকা এবং ক্রেতার নিকট থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ক্রেতাবিক্রেতাদের অভিযোগ, সরকারী নীতিমালা লঙ্ঘন করে হাটে টোল আদায়ের তালিকা না টাঙ্গিয়ে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদাররা। বিভিন্ন দফতর ও স্থানীয় নেতাদের ম্যানেজ করেই এসব হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
 
পশু ব্যবসায়ী আতাউর রহমান জানান, প্রশাসনের তদারকি না থাকায় ইচ্ছামতো পশুরহাটে চাঁদা আদায় করা হচ্ছে।
 
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। এখন বিষয়টি দেখা হবে।
 
ইত্তেফাক/এএম