ট্রাফিক সপ্তাহে বগুড়ায় বিভিন্ন অনিয়মে ৩ হাজার ৫৬৪ মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৪:৪৭
সম্প্রতি পালিত হওয়া ট্রাফিক সপ্তাহে বগুড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ দিনে ৩ হাজার ৫৬৪টি মামলা দেয়া হয়েছে। এছাড়া যানবাহনের মালিক ও চালকের ৭ লাখ ১৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। 
 
বগুড়া ট্রাফিক বিভাগ গত ৫ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরে ১০দিন ধরে ট্রাফিক সপ্তাহ পালনকালে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। ট্রাফিক সপ্তাহে সবচেয়ে বেশি মামলা করা হয়েছে মোটরসাইকেল ও ট্রাকের বিরুদ্ধে। 
 
নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ পালানের ঘোষণা দেয় পুলিশ। গত শনিবার ট্রাফিক সপ্তাহ শেষ হওয়ার কথা থাকলেও তা আরও তিনদিন বাড়িয়ে মঙ্গলবার (১৪ আগস্ট) শেষ হয়। 
 
ট্রাফিক বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ১০ দিনে ৩৫৬৪টি মামলা দায়ের করা হলেও মোটরসাইকেলের বিরুদ্ধে করা হয়েছে ২ হাজার ৭৪৮টি মামলা। এর পরেই রয়েছে ট্রাকের বিরুদ্ধে। ৩৩০টি ট্রাকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ ছাড়া মামলা দেয়া হয়েছে পিকআপ ১৪৩টি, বাস ১০৯টি, অটোরিকশা ৯৫টি, মাইক্রোবাস ও কার ৮৬টি অন্যান্য ৫৩টি।
 
 ট্রাফিক বিভাগের ইনচার্জ মো. খলিলুর রহমান জানান, ফিটনেস না থাকা, হেলমেট নেই, কাগজপত্র নেই, ড্রাইভিং লাইন্সেস নেইসহ বিভিন্ন অনিয়মের জন্য এ সব মামলা ও জরিমানা করা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি