পাওয়ার ট্রিলার ক্রয়ের জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সালমা আক্তারকে (১৮) অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
নির্যাতনের শিকার সালমাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বাবা।
উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত সালমা আক্তার গড়াডোবা ইউনিয়নের ঝাইরকোনা গ্রামের হাদিস মিয়ার মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সালমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বাবা-মার অসম্মতিতে হৃদয় আমাকে নিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকেই পাওয়ার ট্রিলার ক্রয়ের জন্য সে আমাকে বাবার বাড়ি থেকে মোটা অংকের টাকা এনে দিতে চাপ দিতে থাকে। কিন্তু আমি টাকা এনে দিতে না পারায় হৃদয় প্রতিদিনই আমাকে মারপিট করে। মঙ্গলবার রাতের বেশির ভাগ সময় আমার গলা চেপে ধরে ও শ্বাসরোধ করে আমার উপর নির্যাতন চালায়। বুধবার সকালে আমাকে বেধড়ক মারপিট করে।
উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।
ইত্তেফাক/জেডএইচ
