সড়কে গাছ কেটে ডাকাতি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:৪১
বগুড়ার গাবতলী উপজেলায় বুধবার গভীর রাতে সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খায়রুল ইসলাম (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় তিন পুলিশ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারায় ইউনিয়নের আটাপাড়া-সৈয়দ আহম্মেদ কলেজ সড়কের কুচিয়ামারী ব্রিজের কাছে।
 
গাবতলী থানা পুলিশ জানায়, গত বুধবার রাত আড়াইটার দিকে ওই এলাকার খায়রুলের নেতৃত্বে ৬/৭ জনের একদল ডাকাত সোনারায় ইউনিয়নের আটাপাড়া-সৈয়দ আহম্মেদ কলেজ সড়কের কুচিয়ামারী ব্রিজের কাছে কয়েকটি গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সুখানপুকুর-সৈয়দ আহম্মেদ সড়কে টহল দিচ্ছিল পুলিশ। ডাকাতির চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল গুলি করতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে খায়রুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় এসআই জাহিদ, এএসআই আওয়াল ও হাবিব নামের তিনজন পুলিশ আহত হন। রাত ৩টা ২০ মিনিটে খায়রুলকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য খায়রুলের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। 
 
পুলিশ জানায়, খায়রুল গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলি গ্রামের আব্দুল আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে ৩টি ডাকাতির মামলা রয়েছে। 
 
গাবতলী থানার ওসি জানান, পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
 
ইত্তেফাক/জেডএইচ