জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩ বছর মেয়াদি ম্যানেজিং কমিটির নির্বাচন চলাকালে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্বাচন স্থগিত করে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারী করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, দীর্ঘ ২১ বছর পর এই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ চলছিল। এর মধ্যেই বেলা ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন ও জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের সমর্থিত দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। এই সময় আব্দুল কাদের গ্রুপের মো. এনামুল (৪৩), মো. হেলাল (৪৪), মিজানুর (৩০) ও মো. আব্দুল মান্নান (৪২) আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য উপজেলার শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে এবং নির্বাচন স্থগিত করা হয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, এই ঘটনায় দু-পক্ষের কেউ এখনো মামলা দায়ের করেনি। তবে ভোট কেন্দ্রে অরাজকতা সৃষ্টির সাথে জড়িত রেজাউল করিম নামে একজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
