রাজশাহীর মোহনপুরে ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার কামারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাক চালককে আটকের পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।
নিহত ভ্যানচালক আব্বাস আলী (৪৫) মান্দা উপজেলার শ্যামপুর গ্রামের তছির মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের কামার পাড়া মোড়ে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে যাত্রীর কাছ থেকে ভাড়া নিচ্ছিল আব্বাস আলী। এ সময় পঞ্চগড় থেকে আসা রাজশাহী গামী পাথরবাহী (ঢাকা মেট্রো ট-১৬-৪৯২১) নম্বর ট্রাক পিছন থেকে ভ্যানগাড়ির উপর তুলে দেয়। ঘটনাস্থলে ভ্যানচালক আব্বাস আলী নিহত হয়। পরে স্থানীয়রা ট্রাকচালক রাজশাহী কাশিয়াডাঙ্গা এলাকার নূর হোসেনের ছেলে সেলিম রেজা (৪০) আটক করে ট্রাকটি ভাঙচুর করে এক ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ইত্তেফাক/বিএএফ
